শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯ 
ভারতীয় বাসমতিতে আর্সেনিকের সন্ধান
যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) তাদের প্রাথমিক পরীক্ষায় ভারতীয় বাসমতি চালের প্রায় ৩০টি নমুনায় আর্সেনিক উপাদান পেয়েছে।
তাদের পুরো সমীক্ষা শেষ হওয়ার পরে ইউএসএফডিএ ভোক্তাদের উদ্দেশে পরামর্শ দেবে। তবে ভারতের রফতানিকারকরা বলেছেন, প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই কেবল চালান পাঠানো হয়। এ কারণে বাসমতি চাল আর্সেনিক উপাদান মুক্ত। খবর এএফপির।
পানি, বায়ু, খাদ্য এবং মাটিতে আর্সেনিক অর্গানিক ও ইন-অর্গানিক অবস্থায় বিদ্যমান রয়েছে। ইউএসএফডিএ আমেরিকার বাজারে পাওয়া ভারতসহ বিভিন্ন দেশের চাল ও চালজাত পণ্যের ২শ’ নমুনা সংগ্রহ করেছে। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে ইউএসএফডিএ’র নিরীক্ষার প্রক্রিয়ায় প্রায় ১ হাজার ২শ’ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২০১২ সালের শেষ নাগাদ এ নমুনা সংগ্রহ প্রক্রিয়া শেষ হবে। এসব নমুনা তথ্য সংগ্রহ শেষ হলে ইউএসএফডিএ ফলাফল যাচাই করবে এবং নিশ্চিত হওয়ার পরে আরও নির্দেশনা জারি করবে কি না, তা নিশ্চিত করবে। ইউএসএফডিএ এক বিবৃতিতে এ কথা জানায়। সংগৃহীত ২শ’ নমুনার ফলাফল বুধবার প্রকাশ করা হয়। এর মধ্যে ৩৪টির বেশি নতুন ভারতীয় বাসমতি চালের। এর মধ্যে ৩১টি নমুনায় ইন-অর্গানিক আর্সেনিক উপাদানের মাত্রা প্রতি নমুনায় ১ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৫ মাইক্রোগ্রাম।
ইউএসএফডিএ’র এই ফলাফল সম্পর্কে অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিজয় শেঠিয়া বলেন, ‘পানি ও চালের পরীক্ষার পরেই কেবলমাত্র আমরা রফতানি করে থাকি। বিশ্বে বাসমতি চালের বৃহত্তম উৎপাদক ও রফতানিকারক ভারত। প্রতিবছর ভারত ২০ লাখ টন বাসমতি চাল রফতানি করে থাকে।
বিতর্কিত চলচ্চিত্রকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা, নিহত ১
‘ইসলাম অবমাননা’র বিতর্কিত চলচ্চিত্র নিয়ে শুক্রবার নতুন করে বিক্ষোভে পাকিস্তানে সহিংসতায় ১ জন নিহত হয়েছে। পাকিস্তানে শুক্রবার জুমার নামাজের দিনটিকে ‘মহানবী হজরত মুহাম্মদ (স) এর প্রতি ভালবাসার দিন’ ঘোষণা করে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে জনতা আবার চলচ্চিত্র এবং ব্যঙ্গচিত্রে মহানবী (স) কে অবমাননার প্রতিবাদ জানায়। মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান সত্ত্বেও বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পাকিস্তানের পেশাওয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১ জন। খবর ওয়েবসাইট।
|