মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
সোমবার, ৬ আগষ্ট ২০১২, ২২ শ্রাবণ ১৪১৯
পায়ের ঘা শুকাতে স্প্রে বেশি কার্যকর
পায়ে দীর্ঘদিনের ঘা সারাতে আর অপারেশন বা ব্যান্ডেজের দরকারই নেই। মাত্র কয়েকদিন পায়ের ক্ষতে স্প্রে ব্যবহার করলেই তা শুকিয়ে যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং কানাডার বিজ্ঞানীরা নতুন ধরনের এই স্প্রে আবিষ্কারের দাবি করেছেন। খবর বিবিসি অনলাইনের। ওই গবেষণাটি সম্প্রতি ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞানীরা পায়ের ক্ষতের চিকিৎসা নিতে আসা ২২৮ জন রোগীর ওপর এই স্প্রে ব্যবহার করে উল্লেখযোগ্য ফল পেয়েছেন। বিজ্ঞানীরা রোগীদের পায়ের গোড়ালির ওপরের ক্ষতে এই স্প্রে ব্যবহার করে দেখতে পেয়েছেন যে অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় স্প্রে পদ্ধতিতে ক্ষত দ্রুত নিরাময় হয়। আবার এই পদ্ধতি অনেকটা আরামদায়ক ও সাশ্রয়ী। মার্কিন ওষুধ কোম্পানি হেলপয়েন্ট বায়োথেরাপিটিকস এই স্প্রেটি আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা বলেছেন, পায়ের ক্ষতের চিকিৎসা অনেকটা যন্ত্রণাদায়ক। ব্যান্ডেজ বা অপারেশনের মাধ্যমে ৬ মাসে ৭০ শতাং ঘা শুকায়। আবার শরীরের অন্যস্থান থেকে চামড়া কেটে এনে ওই ক্ষতস্থানে জোড়া দিতে হয়। এতে শরীরের ওই জায়গায় আবার জখমের সৃষ্টি হয়। কিন্তুু স্প্রে পদ্ধতিতে এসব ঝামেলার কোন দরকার নেই। মাত্র একটানা ১৪ দিন ক্ষতস্থানে এই স্প্রে ব্যবহার করলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়।
একই সময়ে স্প্রে পদ্ধতিতে ও অন্যান্য পদ্ধতিতে ক্ষতের চিকিৎসা শুরু করে স্প্রে পদ্ধতিতে ৭০ শতাংশ সফলতা দেখা গেছে। অপরদিকে অন্যান্য পদ্ধতিতে সফলতার পরিমাণ মাত্র ৪৬ শতাংশ। এই গবেষণা দলের সদস্য ড. হার্বার্ট স্নেড বলেন, পায়ের গোড়ালির ক্ষতের চিকিৎসায় অস্ত্রোপচার নয়, স্প্রে পদ্ধতিই অধিক কার্যকরী। আবার পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করলে রোগীরা এক প্রকার অস্বস্তি বোধ করে। ওই ক্ষত শুকাতে অনেকটা সময় লাগে। আবার অসাবধানতায় ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিতে পারে। কিন্তু স্প্রে পদ্ধতিতে এসবের সমস্যা নেই।