মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯
ম্যাককালামের শতকে ৫৯ রানে হারল বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের ১২৩ রানের অসাধারণ ইনিংসের কাছে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ৫৯ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে নিউজিল্যান্ড দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে। আর মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারলেই বিদায় নেবে বাংলাদেশ।
ম্যাচে টস জিতে বাংলাদেশ। কিন্তু পাল্লেকেলে স্টেডিয়ামে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। তার সিদ্ধান্তটি ভেস্তে যায়। আগে ব্যাট করার সুযোগ পেয়ে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল স্কোর গড়ে নেয় নিউজিল্যান্ড। ম্যাককালাম একাই ৫৮ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। আর তাতেই বাংলাদেশ কুপোকাত হয়ে যায়। ম্যাককালামের সঙ্গে জেমস ফ্রাঙ্কলিন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। আর অধিনায়ক রস টেইলর ১৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে আবদুর রাজ্জাক নেন ২টি উইকেট।
জবাব দিতে নেমে টিম সাউদি (৩/১৬) ও কাইল মিলসের (৩/৩৩) বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশ ব্যাটসম্যানরা ছন্নছাড়া হয়ে পড়েন। ২০ ওভারে ৮ উইকেটে শেষপর্যন্ত ১৩২ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র নাসির হোসেন অর্ধশতক করার যোগ্যতা দেখান। ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন নাসির। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাট থেকে আসে ২১ রান। মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৫ রান। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাককালামই ম্যাচ সেরা হন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিক নিউজিল্যান্ডের কাছে হারার ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাককালামের ইনিংসকেই সামনে তুলে ধরেন। বলেন, ‘টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়ার পর কয়েক ওভার ভাল হয়েছে। কিন্তু ম্যাককালাম দুর্দান্ত খেলেছেন। আমাদের যে শক্তিমত্তা আছে এবং নতুন পরিকল্পনা নিয়ে পরবর্তী ম্যাচে ভাল করার দিকেই এখন নজর আছে।’
এই ম্যাচে ম্যাককালামের ইনিংসটি টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় ইনিংস হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এমনকি টি২০ বিশ্বকাপেও এই ইনিংস সবার উপরে স্থান করে নিয়েছে। ম্যাককালাম এ নিয়ে টি২০ ক্রিকেটে দ্বিতীয় শতক করলেন। যা এখন পর্যন্ত আর কোন ব্যাটসম্যান করতে পারেননি। এমনকি ম্যাককালাম তাঁর ক্যারিয়ার সেরা টি২০ ইনিংস খেলেছেন। তাঁর এই ইনিংসেই ৫৯ রানে হেরেছে বাংলাদেশ।