বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২, ৫ আশ্বিন ১৪১৯ 
দশ মাস পর
অবশেষে দেখা পাওয়া গেল বচ্চন পরিবারের নতুন সদস্য আরাধ্য বচ্চনের। জন্ম নেয়ার দশ মাস পর আরাধ্যর ছবি তুলতে পেরেছেন এক আলোকচিত্রী। এর আগে আরাধ্যর ছবি পাওয়ার জন্য সাংবাদিকরা কী না করেছেন। কিন্তু সব চেষ্টা বিফল হয়েছে। তবে এবার ব্যর্থ হতে হয়নি। আরাধ্যর পুরো মুখাবয়ব দেখা গেছে। সম্প্রতি শিকাগো যাওয়ার সময় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে মা ঐশ্বরিয়া রাই বচ্চনের কোলে ক্যামেরাবন্দী হয়েছে আরাধ্য। গত বছরের ১৬ নবেম্বর মেয়ে আরাধ্যর জন্ম দেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর ১০ মাস পেরিয়ে যায়, কোন এক অজানা কারণে আরাধ্যকে জনসমক্ষে আনেননি বচ্চন পরিবারের সদস্যরা ছবি তুলতেও দেননি। তাকে একনজর দেখার জন্য সবার ভেতরে ব্যাপক কৌতূহল। কিন্তু কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, যাতে করে কোনভাবেই তার ছবি তুলতে না পারেন আলোকচিত্রীরা।
অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের নামকরা তারকা আলোকচিত্রী ভিরাল ভয়ানি। শিকাগোতে ‘ধুম ৩’ ছবির শুটিং করছেন আরাধ্যর বাবা অভিষেক। তাকে সঙ্গ দিতে ১৭ সেপ্টেম্বর শিকাগো যাওয়ার উদ্দেশে মুম্বাই বিমানবন্দরে মেয়েসহ আসেন ঐশ্বরিয়া। খবর পেয়ে তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ ও ঐশ্বরিয়ার শত বাধা সত্ত্বেও আরাধ্যর ছবি তোলার চেষ্টা করতে থাকেন আলোকচিত্রীরা। শেষ পর্যন্ত এ কাজে সফল হন ভয়ানি। তাঁর তোলা ছবিতেই প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা মিলেছে আরাধ্যর।
খবর ওয়েবসাইটের।
|