মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ৯ আগষ্ট ২০১২, ২৫ শ্রাবণ ১৪১৯
সব ব্যাংকে পৃথক হিসাব খোলার নির্দেশ
পদ্মা সেতুতে অনুদান
অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা সেতু প্রকল্পের জন্য অনুদান গ্রহণের লক্ষ্যে সকল তফসিলি ব্যাংকে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় দু’টি পৃথক হিসেব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অনুদান গ্রহণের সার্বিক পদ্ধতি ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, পদ্মা সেতু নির্মাণের জন্য স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় সংগৃহীত সমুদয় অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা হবে। এজন্য সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে স্থানীয় মুদ্রা জমা করার জন্য ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ এবং বৈদেশিক মুদ্রা জমার জন্য ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনিবাসী)’ হিসেব শিরোনামে দুইটি হিসেব খুলবে এবং তা সংরক্ষণ করবে। সোনালী ব্যাংক এই হিসাবে জমাকৃত অনুদান বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারী হিসেব নং ১-এর অধীনে সরকার কর্তৃক বরাদ্দকৃত দু’টি পৃথক কোডে যথাবিধি নিয়মিতভাবে স্থানান্তর করবে। তবে জনস্বার্থে সকল তফসিলি ব্যাংক এই সেবার জন্য কোনও প্রকার সার্ভিস নিতে পারবে না।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) কর্তৃক পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান গ্রহণের লক্ষ্যে ব্যাংক হিসেব খোলা, সংরক্ষণ ও ওই হিসেবে জমাকৃত অর্থ সরকারী কোষাগারে স্থানান্তরের পদ্ধতি সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পদ্মা সেতুর জন্য অনুদান গ্রহণের ব্যাপারে পদ্ধতিগত রূপরেখা উল্লেখ করে আরও বলা হয়, সকল তফসিলি ব্যাংকের শাখাও পদ্মা সেতু নির্মাণের জন্য স্থানীয় মুদ্রায় অনুদান গ্রহণের লক্ষ্যে ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ শিরোনামে স্থানীয় মুদ্রায় একটি সংগ্রহ হিসেব খুলবে। একইভাবে বৈদেশিক মুদ্রায় অনিবাসী কর্তৃক প্রদেয় অনুদান গ্রহণের লক্ষ্যে সব তফসিলি ব্যাংকের বিদেশী ও অথরাইজ্ড ডিলার শাখা ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনবিাসী)’ শিরোনামে একটি বৈদেশিক মুদ্রায় সংগ্রহ হিসেব খুলবে।
এক্ষেত্রে বিদেশে অবস্থিত কোন ব্যাংক কিংবা বিদেশে পরিচালিত যে কোন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে কোন অনিবাসী যে কোন তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার শাখায় তাদের অনুদান পাঠাতে পারবে। তবে কোনও অনিবাসী বাংলাদেশী টাকায় অনুদান পাঠাতে চাইলে তা নিবাসী হিসেবে জমা করা যাবে। শাখা পর্যায়ে ওই হিসেব দু’টিতে সংগৃহীত অনুদান স্ব-স্ব ব্যাংকের স্থানীয়/মুখ্য/প্রধান কার্যালয় একত্রে সংগ্রহ করে প্রত্যেক মাস শেষ হওয়ার পরবর্তী সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সংশ্লিষ্ট হিসেবে জমা করবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পদ্মা সেতুর জন্য অনুদান গ্রহণের সার্বিক কর্মকান্ড সুষ্ঠু মনিটরিংয়ের লক্ষ্যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সংশ্লিষ্ট হিসেবে অনুদান জমা/স্থানান্তরের ওপর মাসিক বিবরণী, সংশ্লিষ্ট ব্যাংক নিয়মিতভাবে বিভাগে এবং এর অনুলিপি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, সেতু ভবন, বনানী ঢাকা বরাবরে পাঠাবে।