বৃহস্পতিবার, ৯ আগষ্ট ২০১২, ২৫ শ্রাবণ ১৪১৯ 
স্বপ্নপূরণের পথে ব্রাজিল
জাহিদুল আলম জয় ॥ ফুটবল মানেই যেন ব্রাজিলের সাফল্য! এমন বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। কেননা দেশটি বড় বড় আসরে তাক লাগানো সাফল্য দেখিয়ে এর যথার্থতা প্রমাণ করেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ব্রাজিল এখন পর্যন্ত জিততে পারেনি অলিম্পিক ফুটবলের স্বর্ণ। না পাওয়ার এই ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যেই দেশটির পুরুষ ফুটবল দল এবার লন্ডনে মিশন শুরু করে। অবশেষে অধরা স্বর্ণপদক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গেমসের পুরুষ ফুটবলের ফাইনালে মেক্সিকোকে হারাতে পারলেই স্বপ্নপূরণ হবে ব্রাজিলের।
ব্রাজিল অতৃপ্ত স্বপ্নসাধ পূরণের কাছাকাছি পৌঁছে গেছে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারানোর পর। মঙ্গলবার রাতে ম্যাচেস্টারের ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত চলমান অলিম্পিক পুরুষ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে এশিয়ার টাইগারদের পরাজিত করে ব্রাজিল। সাম্বা ছন্দের প্রতিনিধিদের হয়ে জোড়া গোল করেন ইন্টারন্যাসিওনাল স্ট্রাইকার লিয়েন্দ্রো দামিয়াও। অপর গোলটি করেন রোমুলো বোরগেজ মন্টেইরো। একই দিন আসরের প্রথম সেমিফাইনালে আরেক এশিয়ান দেশ জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমারের মতো অলিম্পিক ফুটবলের ফাইনালে নোঙ্গর ফেলেছে কনকাকাফ অঞ্চলের দেশ মেক্সিকো।
ফাইনাল নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর রয়েছেন। প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক সাম্বাদের দখলে আসবে বলেই বিশ্বাস করছেন ফুটবলের নয়া এই সেনসেশন। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া বধের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমাদের বিশ্বাস আমরা পারব। ঈশ্বর আমাদের সঙ্গেই আছে। আশা করি এবার আমরা স্বর্ণ নিয়েই দেশে ফিরতে পারব। ব্রাজিলের ফাইনাল অভিযাত্রায় নেইমারের অবদান অনবদ্য। প্রতিটি ম্যাচেই দলের জয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে অনেক কিংবদন্তি তুল্য ফুটবলারও ব্রাজিলকে অলিম্পিকের স্বর্ণ উপহার দিতে পারেননি। কিন্তু টগবগে তরুণ নেইমার তাঁর প্রথম অলিম্পিক মিশনেই সাফল্যের দ্বারপ্রান্তে। ফাইনালে মেক্সিকো বধ করতে পারলেই ইতিহাসের অংশ হয়ে যাবেন আগামীর তারকা বনে যাওয়া নেইমার।
এদিকে অলিম্পিকের প্রমীলা ফুটবলের স্বর্ণ জয়ের লড়াইয়ে আজ একে অপরের মুখোমুখি হচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র। কয়েকটি কারণে দেশ দু’টির ফাইনাল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দু’দলের আজকের ফাইনালটি জাপানের জন্য ইতিহাস আর যুক্তরাষ্ট্রের প্রতিশোধের ম্যাচ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বর্ণ জয়ের ধুন্ধুমার এ লড়াই অনুষ্ঠিত হবে। ম্যাচে যুক্তরাষ্ট্র জয় পেলে ২০১০ প্রমীলা বিশ্বকাপে জাপানের কাছে হারের মধুর প্রতিশোধ নিতে সক্ষম হবে। দুই বছর আগে বিশ্বকাপের ফাইনালে জাপান-যুক্তরাষ্ট্রের ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল। এর পর টাইব্রেকারে প্রথমবারের মতো শিরোপা জয় করে ইতিহাস গড়ে জাপানী মেয়েরা। জাপান-যুক্তরাষ্ট্রের ফাইনাল নিশ্চিত হওয়ার পর ঘুরেফিরে আসছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। আজকের ফাইনালে জাপান জিততে পারলে তারা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ ও অলিম্পিকে জয়ের অনন্য রেকর্ড গড়বে। ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছে গোটা জাপান শিবির। অন্যদিকে বিশ্বকাপে হারের তিক্ত স্বাদ ভুলতে চায় মার্কিন শিবিরও।
এদিকে শীর্ষস্থান অক্ষুণœ রাখার মিশনে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে চীন। বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালিকার শীর্ষস্থান অক্ষুণœ ছিল এশিয়ান দেশটির। তখন পর্যন্ত চীনের ঝুলিতে ছিল ৩৪ স্বর্ণ, ২১ রৌপ, ১৯ ব্রোঞ্জসহ মোট ৭৪টি পদক। ৩০ স্বর্ণ, ১৯ রৌপ্য, ২২ ব্রোঞ্জসহ ৭১ পদক নিয়ে যথারীতি দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। পদক তালিকায় অভাবনীয় উন্নতি করেছে স্বাগতিক গ্রেট ব্রিটেন। শুরুর দিকের জড়তা কাটিয়ে দেশটির এ্যাথলেটরা নজরকাড়া সাফল্য দেখিয়ে চলেছে। অলিম্পিক শুরুর প্রথম চার দিন পদক তালিকায় শীর্ষ দশেও স্থান করে নিতে পারেনি ব্রিটেন। তবে সর্বশেষ পাঁচ দিনে নিজেদের অবস্থান শক্ত করেছেন ব্রিটেনের এ্যাথলেটরা। বর্তমানে তাদের অবস্থান তিন নম্বরে। ২২ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের সর্বমোট পদক সংখ্যা ৪৮। ১০৪ বছরের ইতিহাসে সর্বাধিক পরিমাণ স্বর্ণ জয় করে দেশের জন্য নতুন অলিম্পিক ইতিহাস রচনা করেছেন ব্রিটেনের এ্যাথলেটরা। ব্রিটেনের জন্য নতুন ইতিহাস গড়েন গ্রেট ব্রিটেনের জাম্পিং দল। মঙ্গলবার এ দলটি ৭৯.৯৭৯ স্কোর করে স্বর্ণ জয়ের সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস গড়ে ব্রিটেন। ১৯০৮ সালের পর এবারই সর্বাধিক এ্যাথলেটকে অলিম্পিক আসরে নামিয়েছে ব্রিটেন। তবে দীর্ঘ এ ১০৪ বছরের মধ্যে গতবার বেজিং অলিম্পিকে সর্বাধিক ১৯ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ১৫ ব্রোঞ্জসহ ৪৭ পদক পেয়েছিল তারা। আর এবার জাম্পিং দলের কার্ল হেস্টার, শার্লোট ডুজারডিন ও লরা বেচটোলশেইমারের স্বর্ণ জয়ের মাধ্যমে রেকর্ড ২০টি স্বর্ণ নিজেদের দখলে নিয়ে নেয় ব্রিটেন।
|