সোমবার, ৬ আগষ্ট ২০১২, ২২ শ্রাবণ ১৪১৯ 
জলবায়ু কর্মসূচীতে সহায়তা দেবে ভারত
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য ভারত বাংলাদেশকে অর্থ সহায়তা প্রদান করবে। রাজধানীর হোটেল রূপসী বাংলায় রবিবার পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এ কথা জানান। খবর বাসসর।
বৈঠকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি সহায়তা অগ্রাধিকার পেতে পারে বলে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিভিন্ন জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক দর কষাকষিতে ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে কন্ঠ মিলিয়েছে। পরিবেশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে জনসাধারণের দক্ষতা বৃদ্ধিতে ভারতের এই সহায়তা প্রস্তাবের জন্য জয়রাম রমেশকে ধন্যবাদ জানান।
|