বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২, ৪ শ্রাবণ ১৪১৯ 
রমজানে রাত ৮টায় দোকান বন্ধ করবে না মালিক সমিতি
স্টাফ রিপোর্টার ॥ রমজানে রাত আটটায় দোকান বন্ধ করার সরকারী অনুরোধ প্রত্যাখ্যান করেছে দোকান মালিক সমিতি। বুধবার বিকেলে বিদ্যুত ভবনে অনুষ্ঠিত বৈঠকে রমজানে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের তরফ থেকে রাত ৮টায় দোকান বন্ধ করার অনুরোধ জানানো হয়। তবে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন, প্রয়োজনে নিজস্ব উপায়ে আলো জ্বালিয়ে হলেও যতক্ষণ ক্রেতা ততক্ষণ দোকান খোলা রাখবে তাঁরা।
বৈঠক সূত্র জানায়, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ রাত আটটার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত মেনে না নিলেও বিদ্যুত সাশ্রয়ের জন্য সরকারে সঙ্গে একমত পোষণ করেছে। তারা ইফতার, তারাবির সময় এয়ারকন্ডিশন বন্ধ রাখা, দোকানে আলোকসজ্জা না করা, অতিরিক্ত বাতি ব্যবহার না করা এবং বিদ্যুত সাশ্রয়ী বাল্ব ব্যবহারের পক্ষে সরকারের সঙ্গে একমত পোষণ করেন। এ সময় দোকান মালিক সমিতির চেয়ারম্যান বলেন, কেউ এসব সিদ্ধান্ত না মানলে সরকার আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সমিতির কোন আপত্তি থাকবে না। শুধু মার্কেটে বিদ্যুত সাশ্রয় না করে অন্যান্য ক্ষেত্রে সাশ্রয়ী ব্যবহারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ব্যবসায়ীরা।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দিন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব) নজরুল হাসান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমীর হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিদ্যুত সচিব আবুল কালাম আজাদ বলেন, দেশ সবার, একার পক্ষে কারও কিছু করা সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি দোকানিদের উদ্দেশে পিক আওয়ারে এসি না চালানোসহ বিদ্যুত সাশ্রয়ে সতর্ক থাকার আহ্বান করেন। এ সময় তিনি অবৈধ সংযোগ বা বিদ্যুত চুরির ক্ষেত্রে তথ্য দিতে সকলকে অনুরোধ করেন। জুমার খুৎবায় বিদ্যুত সাশ্রয় নিয়ে আলোচনা করার জন্য দেশের প্রতিটি মসজিদে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
|