মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বুধবার, ৪ জুলাই ২০১২, ২০ আষাঢ় ১৪১৯
রমজানে ন্যায্যমূল্যে চিনি বিক্রি আজ থেকে শুরু
অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে চিনির মূল্য নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ বুধবার থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাজারমূল্যের চেয়ে কম দামে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন (বিএসএফআইসি)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে শিল্প মন্ত্রণালয় ও বিএসএফসিআইসি।
এ ব্যাপারে বিএসএফআইসির পরিচালক (অর্থ) দেলোয়ার হোসেন বলেন, রমজান মাসকে সামনে রেখে ন্যায্যমূল্যে ভোক্তাদের হাতে চিনি পৌঁছে দেয়ার জন্যই এ কর্মসূচী নেয়া হয়েছে। তিনি জানান, বুধবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কর্মসূচীর উদ্বোধন করবেন।
জানা গেছে, দেশের কারখানায় উৎপাদিত এ চিনির মূল্য ধরা হয়েছে কেজিপ্রতি ৬০ টাকা। কয়েকটি কাভার্ড ভ্যানের মাধ্যমে এ কর্মসূচী পরিচালনা করা হবে। চলবে ঈদ পর্যন্ত। তবে এর মাধ্যমে সাড়া পাওয়া গেলে রমজানের পরেও তা বলবত রাখা হবে বলে জানিয়েছে চিনি শিল্প কর্পোরেশন। এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, প্রথম কিছুদিন চিনির চাহিদা দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ন্যায্যমূল্যে বিশুদ্ধ চিনি পেলে দেশীয় চিনির প্রতি গ্রাহকদের আস্থাও বাড়বে। শুরুতে এ কর্মসূচী রাজধানীতে শুরু করলেও চিনি কল আছে এমন জেলাগুলোতে পর্যায়ক্রমে চালু করা হবে বলে তিনি জানান।
মতিঝিলে চিনি শিল্প ভবনের সামনে, সচিবালয়, প্রেসক্লাবের সামনেসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে এ চিনি সংগ্রহ করা যাবে। তবে চিনি বিক্রির জন্য মোট কতটি পয়েন্ট থাকবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে সূত্র জানায়।