শুক্রবার, ২৯ জুন ২০১২, ১৫ আষাঢ় ১৪১৯ 
চূড়ান্ত চুক্তি সইয়ের খসড়া প্রস্তাব মালয়েশিয়ার
পদ্মা সেতু
স্টাফ রিপোর্টার ॥ বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের খসড়া প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার সেতু ভবনে মালয়েশীয় সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতো সেরি সামি ভেলু যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের এমপির হাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবের কপি তুলে দেন।
এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী সফিকুল ইসলামসহ সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খসড়া প্রস্তাবটি যাচাই-বাছাই করা হবে। প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তারপর মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করব।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রস্তাবটি গ্রহণের ক্ষেত্রে আলোচনায় আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা রয়েছে। এখনো সমঝোতার দরজা বন্ধ হয়নি।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার প্রস্তাবে জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে সমঝোতায় পৌঁছানো গেলে অনতিবিলম্বে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে। এরপর কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে গ্রাউন্ড-ব্রেকিং অনুষ্ঠান করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এদেশের জনগণের স্বপ্নের সেতু। এ সেতু নির্মিত হলে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে অপরদিকে উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্র প্রসারিত হবে। উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ ধারাবাহিকতায় গত ২৮ মে দাতো সেরি সামি ভেলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগাযোগমন্ত্রীর কাছে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে ধারণা-প্রস্তাব পেশ করে।
বৃহস্পতিবার মালয়েশিয়া সরকারের বিশেষ দূত ১৩ সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চলতি সপ্তাহে যোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু হবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। নির্দিষ্ট এই সময়ের মধ্যে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণকাজ শুরু না হলে একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, এই সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু করতে না পারলে যা করার তাই করব।
|