মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
রবিবার, ২৪ জুন ২০১২, ১০ আষাঢ় ১৪১৯
সরকারের কিছু মন্ত্রী এমপি দেশ ছাড়ার জন্য ভিসা সংগ্রহ করছেন ॥ হান্নান শাহ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ বলেছেন, তৃতীয় শক্তির সঙ্গে আঁতাতের ইতিহাস আমাদের দলের নয়, আওয়ামী লীগেরই রয়েছে। আর কোন তৃতীয় শক্তি নয় ভোটের মাধ্যমেই আগামী নির্বাচনে বর্তমান সরকারকে হটানো হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী না বুঝলেও সরকারের কিছু মন্ত্রী ও এমপি বুঝে গেছেন নিজেদের ব্যর্থতার কারণেই ক্ষমতা শেষ হলে জনগণ তাদের দেশে থাকতে দেবে না। সে কারণেই তারা দেশ থেকে পাড়ি দেয়ার জন্য ভিসা সংগ্রহ করছেন। আমার কাছে তথ্য আছে সরকারের মন্ত্রী, এমপিসহ কয়েকশ’ লোক পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে টের পেয়ে আমেরিকান দূতাবাস থেকে মালটিপল ভিসা সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রী খবর পেয়ে একটি গোয়েন্দা সংস্থাকে এসব মন্ত্রী-এমপিদের তালিকা করার জন্য বলেছেন।
দেশ পরিচালনায় সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ভরাডুবির কথা চিন্তা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেও কোন লাভ হবে না। কারণ নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন এ দেশে হবে না। তবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতে সরকারের শুভ বুদ্ধির উদয় হোক আমরা এটাই চাই। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবি পূরণ না হলে পরিণতি শুভ হবে না। তাই আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা সংসদে নির্দলীয় সরকার পদ্ধতির বিল পাস করে এই অচলাবস্থার ইতি টানবেন। এর বাইরে কোন চিন্তা করলে তা সরকারের জন্য ভয়াবহ হবে আর জাতির জন্য হবে দুঃখজনক।
বর্তমান সরকার সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মন্তব্য করে হান্নান শাহ বলেন, এ সরকার দ্রব্যমূল্য কমাতে পারেনি। এ ছাড়া পুঁজিবাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন কিছুতেই তাদের সফলতা নেই। দুর্নীতির বিস্তার ঘটেছে। যার বড় প্রমাণ পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প। কাজ পাইয়ে দিতে সংশ্লিষ্ট মন্ত্রী ঘুষ নেয়ায় বিশ্বব্যাংক ওই প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। আর এ ব্যর্থতা আড়াল করতেই সরকার নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে সংযোজন করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলের নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান, শাহজাদা মিয়া, মেজর (অব) মোঃ হানিফ প্রমুখ।