বুধবার, ২ ডিসেম্বর ২০০৯, ১৮ অগ্রহায়ন ১৪১৬
ইসি এখন ইইউ
কূটনৈতিক রিপোর্টার এখন থেকে ডেলিগেশন অব ইউরোপিয়ান কমিশন(ইসি) বাংলাদেশে ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) নামে পরিচিত হবে। ইউরোপীয় ইউনিয়নের লিসবন চুক্তির আলোকে নামের এই পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় ইইউর ডেলিগেশন প্রধান ড. স্টিফেন ফ্রোইন সাংবাদিকদের এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকের দিনটি ইইউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিসবন চুক্তির আলোকে আমরা আজ ইইউর নামের পাশাপাশি আইনগত দিকেরও কিছু পরিবর্তন এনেছি। লিসবন চুক্তির মাধ্যমে ইইউর পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইইউ বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবর্তনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্কের উন্নয়ন হবে বলে আমি মনে করি। তিনি বলেন, এখন থেকে ইইউর বহির্সম্পর্ক বিভাগ নিয়ন্ত্রণ করবে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যারা পররাষ্ট্র এবং নিরাপত্তা কৌশল প্রণয়ন করবেন। তিনি বলেন, ইইউ জ্বালানি, জলবায়ুর পরিবর্তন, আন্তঃসীমান্ত অপরাধ, অভিবাসনের মতো ইসু্যতে আন্তর্জাতিক পর্যায়ের শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা করে। লিসবন চুক্তির কারণে বাংলাদেশীদের জন্য ইইউর সদস্য দেশগুলোতে ভিসাপ্রাপ্তি এবং বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বাণিজ্য উন্নয়নের মতো বিষয়গুলোতে কোন পরিবর্তন আসবে না বলে তিনি জানান। ২৭ জাতি সংস্থা ইইউ গত মাসে লিসবন চুক্তিতে স্বাক্ষর করে। মঙ্গলবার থেকে চুক্তিটি কার্যকর হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট হেগস্টম এবং স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এডওয়াডের্া রোমেরো উপস্থিত ছিলেন।
|