শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯ 
ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসকের কাণ্ড
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসক রোগীকে চিকিৎসা না দিয়ে ওয়ার্ড থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফুলপুর উপজেলার তারাকান্দা থানার লাউটিয়া গ্রামের আনোয়ারা (৬০) নামে এ রোগী গত বৃহস্পতিবার খিচুনির সমস্যার নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৪ এ ভর্তি হয়েছিল। শুক্রবার দুপুরে প্রচ- ব্যথায় আনোয়ারা কাতর হলে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের ইনজেকশন কিনে আনতে বলেন। ইনজেকশন আনার পর এটি রোগীর শরীরে পুশ নিয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্স সময় ক্ষেপণ করছিল। রোগীর স্বজনরা এ নিয়ে প্রতিবাদ করলে কর্তব্যরত চিকিৎসক দুর্ব্যবহারসহ ওয়ার্ড থেকে রোগীকে ঢাকা মেডিক্যালে রেফার্ড করে রিলিজ লিখে দেয়।
টাঙ্গাইলে ইউপি সদস্য হত্যা ঘটনায় গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলে সন্ত্রাসীদের হাতে ইউপি সদস্য ইকবাল হোসেন হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে একজনকে গ্রেফতার করেছে। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক ফজলুল কবির জানান, নিহত ইকবালের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই সদর উপজেলার যুগনী গ্রাম থেকে মিনহাজ নামক এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করেছে।
শেরপুরে অপহৃত যুবকের সন্ধান মেলেনি
নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ সেপ্টেম্বর ॥ ‘ছোট বোন মর্জিনাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ শেষে মুখে বিষ ঢেলে পুকুরে ফেলে দেয় এক দল বখাটে। হাসপাতালে ভর্তি করার পর বোন মারা গেলে ওই ঘটনাকে আত্মহত্যা বলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করানো হয়।’
এ ঘটনাটি বড় ভাই হাবিবুল্লাহ ও তার পরিবার মেনে নিতে পারেনি। গত ১৩ সেপ্টেম্বর শেরপুর কগনিজেন্স আদালতে মর্জিনার বাবা মকছেদ আলী বাদী হয়ে ৫ বখাটেকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুল্লাহকে (১৮) নকলা উপজেলা শহর থেকে ১৬ সেপ্টেম্বর অপহরণ করে বোনের ঘাতকরা। এ ঘটনায় ওই দিনই নকলা থানায় একটি অপহরণ মামলা হলেও ২১ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত হাবিবুল্লাহ উদ্ধার হয়নি। তবে পুলিশ মর্জিনা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ঘাতক দলের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলোÑ গুলজার হোসেন গেন্দু, হাবিবুল্লাহ ও রেজাউল করিম। এদের শুক্রবার বিকেলে ৭ দিনের রিমান্ড আবেদন করে নকলা থানা পুলিশ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে।
|