বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২, ৪ শ্রাবণ ১৪১৯ 
এইচএসসিতে মাইলস্টোন কলেজ সাফল্য ধরে রেখেছে
এইচএসসির ফলে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজ। তথ্য মতে, ২০১২ সালে মাইলস্টোন থেকে ১৬৫২ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসের হার ৯৯.৮৮%। পাসকৃতদের মধ্যে ৭১৪ জন এ+, ৮৭৫ জন ‘এ’ গ্রেড অর্জন করে। বিজ্ঞান বিভাগ থেকে ৯৮৮ পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ৪৫৮ জন এবং ৪৭৫ জন ‘এ’ গ্রেড অর্জন করেন। ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫৭৫ পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন এ+ এবং ৩৩১ জন ‘এ’ গ্রেড পায়। মানবিক বিভাগে ৮৯ পরীক্ষার্থীর মধ্যে এ+ পায় ১৫ জন এবং ‘এ’ গ্রেড পায় ৬৯ জন। উল্লেখ্য, মাইলস্টোন কলেজ থেকে এইচএসসিতে ইংরেজী মাধ্যমে শতভাগ এ+সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
মাইলস্টোন কলেজের এইচএসসিসহ সকল বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য সম্পর্কে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম জানান, ‘আমাদের মাত্র ৫২২ ছাত্রছাত্রী এ+ নিয়ে ভর্তি হয়েছিল এবং ফলাফলে এ+ অর্জন করেছে ৭১৪ জন। -বিজ্ঞপ্তি।
মাওয়া ঘাটে সংঘর্ষের পেছনে ষড়যন্ত্র ছিল ॥ এমিলি
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, মাওয়া ঘাটের টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের পেছনে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র ছিল। পূর্বপরিকল্পনা মতে ওই দলটি আওয়ামী ও যুবলীগের মধ্যে সংঘাত সৃষ্টি করে মাওয়াকে অশান্ত করার চেষ্টা করেছিল। বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেন। তাছাড়া পদ্মায় অবৈধভাবে ডেজিং করে বালুকাটায় নদীতে ভাঙন দেখা দেয়ায় তিনি অবৈধ বালু বন্ধে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে বলেন, কোন মতেই অবৈধ বালুকাটা বরদাস্ত করা হবে না। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, ওসি (তদন্ত) একেএম মাসুদ খান, বিক্রমপুর প্রেসক্লাস সভাপতি মাসুদ খান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মহসিন গাজী, আব্দুল রশিদ সিকদার, মেহেদী হাসান ও আবুল বাসার খান।
|