মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২, ৪ শ্রাবণ ১৪১৯
রূপগঞ্জে বাসে ডাকাতি ॥ ২২ লাখ টাকার মাল লুট ॥ আহত ১৫
নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ জুলাই ॥ বুধবার সকালে মদনপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় তিন থানার মধ্যে রশিটানাটানি চলছে। ডাকাতিকালে ডাকাত দল যাত্রীদের অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল এলাকায়। এদিকে, ডাকাতির ঘটনায় মামলা নেয়া নিয়ে রূপগঞ্জ, সোনারগাঁও ও বন্দর থানার মধ্যে চলছে রশি টানাটানি।
আহত বাসযাত্রীরা জানান, বুধবার সকালে ৩০/৩৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চৌদ্দগ্রাম-লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৬টার কাঁচপুর বাসস্টেশন পৌঁছলে যাত্রীবেশে ৭/৮ জনের একদল ডাকাত বাসে ওঠে। বাসটি কাঁচপুর স্টেশন ছাড়লে ডাকাতরা একপর্যায়ে বাসচালক ও সকল যাত্রীকে অস্ত্রেরমুখে জিম্মি করে ফেলে। বাসটি এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের মদনপুর পৌঁছলে ডাকাত দল ডাকাতি করে। সংঘবদ্ধ ডাকাতরা বাসযাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ প্রায় ২২ লাখ টাকার মাল লুটে নেয়। এতে প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় বিল্লাল হোসেন, হামিদ আলী, দিলীপ বড়ুয়া, মকবুল হোসেন, রুহুল আমিন, বাবু মিয়াসহ কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় চালকসহ যাত্রীদের নামিয়ে দিয়ে ডাকাতরা বাসটি নিয়ে গাজীপুরের দিকে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে বাসচালক জড়িত রয়েছে বলে ধারণা করছে বাসযাত্রীরা। পুলিশ বাসচালক সফিক মিয়াকে আটক করেছেন। এদিকে, ডাকাতির ঘটনায় মামলা নিয়ে রূপগঞ্জ ও সোনারগাঁও থানার মধ্যে রশি টানাটানি চলছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, ডাকাতি হয়েছে সোনারগাঁও থানায়। আমার এখানে তো কিছু হয়নি। তবে যাত্রীরা চালককে আটক করে ভুলতা পুলিশ ফাড়িতে সোপর্দ করে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, মদনপুরে ঘটনা ঘটেছে। এটা আমার থানার এলাকা নয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আমার জানা নেই। মদনপুর ব্যস্ত এলাকা, এখানে ডাকাতির ঘটনা ঘটতে পারে না। ভেতরে কোন এলাকায় হতে পারে।ক্সমাুদ

সাতক্ষীরায় ৪ বাড়ি
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মঙ্গলবার মধ্যরাতে কলারোয়া উপজেলার শিবানন্দকাটি গ্রামের চার বাড়িতে ডাকাতি হয়। ১৫/১৬ ডাকাত উপজেলার কুশডাঙ্গা গ্রামের সুনীল সেনের পুত্র জগদীসচন্দ্র সেন, করুণাময় সেনের পুত্র তারক নাথ সেন, সন্তোষ সেনের পুত্র অরুণ সেন ও লিয়াকত আলীর পুত্র ইউনুস আলীর বাড়িতে ঢুকে ডাকাতি করে। তারা পিস্তল ও বিভিন্ন ধরনের দেশী অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে ফেলে। পরে তাদের মারপিট করে ৯টি মোবাইল, ১টি মোটরসাইকেল, নগদ টাকাসহ ১৩ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ডাকাতি করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জে দুই ফ্ল্যাট
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বুধবার ভোরে একই বাড়ির দু’টি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ১১৩ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে বলে বাড়ির মালিক দাবি করেছে। বাড়ির মালিক থান কাপড় ব্যবসায়ী শাকিল আহম্মেদ সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৩টার দিকে শহরের চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ সড়কের ৪৩/৩নং বাড়িতে ১৫/২০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া বাচ্চু মিয়ার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে ৫৩ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল সেট ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। পরে ডাকাতরা তার (শাকিল আহম্মেদ ) ফø্যাটে একই কায়দায় প্রবেশ করে ৬০ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা ও ৩টি মোবাইল নেয়। তার ৩ ভাই আমেরিকা প্রবাসী। খবর পেয়ে পুলিশের উর্র্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।