মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১২, ২০ চৈত্র ১৪১৮ 
মুন্সীগঞ্জে ২১০ মণ জাটকা আটক
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে সোমবার সকালে অভিযান চালিয়ে ২শ’ ১০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। জাটকার বিশাল এই চালান আটক করা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে জাটকা বহনকারী লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফেরদৌস আলম নিরু জনান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি গাজী-৪, এমভি কোকো-১ ও এমভি যুবরাজ নামের ৩টি লঞ্চে অভিযান চালিয়ে ৬৫টি ঝুড়ি বন্দী অবস্থায় জাটকাগুলো আটক করা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম উপস্থিত থেকে পুলিশ লাইন এলাকায় ধলেশ্বরী তীরে জাটকাগুলো মাটি চাপা দেয়া হয়।
সচেতনতায়
এদিকে মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস সোমবার পালিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক আজিজুল আলম। জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আজিজুল হকের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন বনদীপ লাল দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার গোলাম সারোয়ার, জেনারেল হাসপাতালে আরএমও ডা. এহসানুল করিম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।
ওপেন হাইস ডে পালন
অন্যদিকে সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় ওপেন হাইস ডে হয়েছে। তবে সদর থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ অনেকেই এই অনুষ্ঠানের দাওয়াত পাননি। সদর থানার ওসি আবুল বাশারের নানা অনিয়ম চাপা দিতেই মুখ চিনে দাওয়াত করা হয়েছে বলে পুলিশ একটি সূত্র জানিয়েছে। এর পরও মাদক, সন্ত্রাসী কর্মকা-, অবৈধ অস্ত্র, ইভটিজিং, চুরি, খসরু বাহিনী ও মহসিন বাহিনীসহ বিভিন্ন বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়। মাদকের আগ্রাসনের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে বক্তরা সদর থানার ওসি আবুল বাশারকে দায়ী করেছেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মতিউল ইসলাম হিরুসহ বিভিন্ন ইফপির চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে মতবিনিময় করেন।
|