মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১২, ২০ চৈত্র ১৪১৮
নেত্রকোনায় ধর্ষকের স্টুডিও ভাংচুর, বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ এপ্রিল ॥ জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ (বাউসী) বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এলাকার সব শিক্ষার্থী ও জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। দফায় দফায় বিক্ষোভ মিছিল করে তারা ধর্ষকের স্টুডিও ভাংচুরসহ তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সোমাবার দিনের বিভিন্ন সময়ে ঘটেছে এসব ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাইশধার গ্রামের ওই ছাত্রী রবিবার বাউসী বাজারের নওশিন স্টুডিওতে ছবি তুলতে গেলে স্টুডিও মালিক দুই সন্তানের জনক ফরিদ আহমেদ শুভ্র (৩৫) ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। রাতের মধ্যেই ঘটনাটি এলাকায় জানাজানি হয় এবং বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বাউসী এসি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনতা সংঘটিত হয়ে বাউসী বাজারে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা লম্পট ফরিদের স্টুডিওটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এবং বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
রূপগঞ্জ (বাউসী) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ধর্ষিতার নানা আ. সাত্তার বাদী হয়ে ফরিদ আহমেদ শুভ্রর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বারহাট্টা থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এছাড়া আসামিকে গ্রেফতারের জন্যও জোর চেষ্টা চলছে। জানা গেছে, লম্পট ফরিদের বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।