মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১২, ১৫ ফাল্গুন ১৪১৮
মুন্সীগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র লালমোহনে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ ফেব্রুয়ারি ॥ মুন্সীগঞ্জ থেকে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র শামিম অপহরণের ৫ দিন পর শনিবার রাতে ভোলার লালমোহন উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী নোমানকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী জে,কে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শামীমকে স্কুল থেকে বাবার অসুস্থতার কথা বলে অপহরণ করা হয়। অপহরণকারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র নোমান। পরে তাকে নিয়ে লালমোহনের কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের গুড় খলিলের বাড়িতে রাখা হয়। এদিকে অপহরণকারী শামীমের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শামীমের পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। শামীমের পরিবার জানিয়েছে, অপহরণকারী নোমান গত ২ বছর ধরে তাদের দোকানে কাজ করত। ২২ ফেব্রুয়ারি হঠাৎ সে উধাও হয়ে যায়। ওই দিন থেকে শামীমও নিখোঁজ হয়। এর পর পরই নোমান শামীমকে ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের গুড় খলিলের বাড়ি থেকে অপহরণের শিকার শামীমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নোমানকে গ্রেফতার করা হয়।

৮শ’ বস্তা চাল উদ্ধার
এদিকে রবিবার দুপুরে মুন্সীগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী ২টি ট্রলার থেকে ৮শ’ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে ৩ জনকে। আটককৃতরা হচ্ছে ট্রলারচালক আনোয়ার হোসেন (৪৫), আব্দুল খালেক (৫০) ও রিকাবীবাজার মা-মণি রাইস এন্টারপ্রাইজের কর্মচারী শহীদুল্লাহ (৩৫)। মুন্সীগঞ্জ কোস্টগার্ড কর্মকর্তা (পেডি অফিসার) শাফিউল ইসলাম জানান, ট্রলার ২টি নারায়ণগঞ্জের সিএসডিঘাট থেকে এ সরকারী খাদ্যগুদামের ৮শ’ বস্তা চাল নিয়ে ফিরিঙ্গিবাজার আসছিল। এর মধ্যে প্রথম ট্রলারটি শাহ সিমেন্ট ফ্যাক্টরির পূর্বপাশের শীতলক্ষ্যা নদী থেকে এবং অপরটি ফিরিঙ্গি বাজারের শ্মশানঘাট সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ঘুষ অফার করার অপরাধে শহীদুল্লাহকে আটক করা হয়। আটককৃতদের পাগলা কোস্টগার্ডের স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।