মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১২, ১৫ ফাল্গুন ১৪১৮
রেলের পূর্বাঞ্চলের সিসিএস শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলন অব্যাহত
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলের পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) পদটি শূন্য রয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে। দীর্ঘ এক মাসেও শূন্যপদটি রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূরণ না করায় কাজের গতিশীলতা হারাচ্ছে দফতরটি। অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে ঠিকাদার ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের। এদিকে কর্মকর্তা-কর্মচারীরা এ পদে সরঞ্জাম বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা স্থলাভিষিক্ত করার দাবি জানিয়ে দীর্ঘ এক মাস সময় ধরে আন্দোলন অব্যাহত রেখেছে। তবে গত সপ্তাহ থেকে মিছিল মিটিং বন্ধ রেখে দফতরের প্রবেশদ্বারে ব্যানার টাঙ্গিয়ে ক্ষোভ প্রকাশ করছে।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম জোনের মহাব্যবস্থাপক পদে যোগদান করেছেন। এরপর থেকে আজ পর্যন্ত দফতরের গুরুত্বপূর্ণ সিসিএস পদটি খালি রয়েছে। এদিকে গত ৯ ফেব্রুয়ারি স্টোরস সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেলের মহাপরিচালক বরাবর ‘স্টোরস থেকে বিভাগীয় প্রধান (সিসিএস)’ পদটি পূরণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। শুধু স্টোরস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই নয়, সেই সঙ্গে টিকেট প্রিন্টিং প্রেস কর্মচারী ও নিউ স্টোরস ডিপোর কর্মকর্তা-কর্মচারীরাও যোগ দিয়েছেন। টিকেট প্রিন্টিং প্রেস কর্মচারীরা জানান, সরঞ্জাম বিভাগের অধিক সচল রাখার জন্য সরঞ্জাম বিভাগ থেকেই প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দেয়া হোক। এদিকে নিউ স্টোরস ডিপোর প্রতিবাদী কণ্ঠস্বররা জানিয়েছেন, এ বিভাগকে সচল রাখার জন্য ও কাজের গতিশীলতা সঠিক রাখতে সরঞ্জাম বিভাগের অভিজ্ঞ কর্মকর্তার বিকল্প নেই।

চট্টগ্রামে ৫ তরুণীকে উদ্ধার ॥ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। একটি সিন্ডিকেট ভাড়া বাড়িতে হোস্টেল বানানোর নামে নগরীর বিভিন্ন স্থানের তরুণীদের এনে এ সব কাজে বাধ্য করছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ৫ তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩ তরুণীকে গ্রেফতার করা হয়। তবে নগরীর অলিগলিতে শতাধিক সেমিপাকা ঘরে অসামাজিক কাজের অভিযোগ পুলিশকে দিলেও পুলিশ অপরাধীদের ধরতে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগীকে নাজেহাল করার চেষ্টা চালায়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৬৬ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। গোয়েন্দা পুলিশের টিম শনিবার রাত ১২টার দিকে ঐ ভবনে অভিযান চালিয়ে ৫ তরুণীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী, অপরাধীরা অসামাজিক কাজে তাদের বাধ্য করেছে এমনকি এ গৃহে বন্দী রেখে প্রতিনিয়ত খদ্দেরের মাধ্যমে অর্থ উপার্জন করেছে পায়েল, মুন্নী আকতার ও শাহনাজ নামের তিন মহিলা। প্রেমের প্রলোভনে ফেলে এ সব তরুণীদের বেড়ানোর কথা বলে ঐ গৃহে নিয়ে যায়। তাদের সঙ্গে থাকা মোবাইল আটকে রেখেই অপরাধে বাধ্য করেছে।