স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের মজুরি কাঠামো ও সুপারিশমালা বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে পাটকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহে রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দু’ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এ সময় শ্রমিকরা এলাকায় বিক্ষোভ মিছিল করে। জানা গেছে, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসির) আওতাধীন খুলনার স্টার, ক্রিসেন্ট, প্লাটিনাম, আলিম ও ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়া এলাকায় অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিলে এ কর্মসূচী পালন করা হয়েছে। বিজেএমসির লিয়াজোঁ অফিসার রফিকুল ইসলাম মিয়া জানান, খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের শ্রমিকরা মজুরি কাঠামো ও সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। এতে মিলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মিলগুলোতে লোকসান দেখা দেবে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের বার্ষিক সভা
নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সদস্যসভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর প্রায় ১৭শ’ গ্রাহক সদস্যর উপস্থিতিতে রবিবার সকাল ৯টায় সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে সদস্যসভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গ্রাহকসভায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ শাহনাজ বেগম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শাহ্ জুলফিকার হায়দার, ডেপুটি জেনারেল ম্যানেজার রকিবউদ্দিন আহমেদ, পরিতোষ চন্দ্র সরকার, মাহবুবুর রহমান চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন, সাংবাদিক রাসেল আহমেদ, জিএম শহীদ, আশিকুর রহমান হান্নান, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন ও সাইফুল ইসলাম। সভা শেষে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে সমিতির বোর্ডরুমে নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় গত ১ বছরে নিয়মিত বিদ্যুত পরিশোধকারী আবাসিক, বাণিজ্যিক, সিআই, সেচ, ক্ষুদ্রশিল্প এবং বৃহতশিল্প গ্রাহককে অনুপ্রাণিত করার জন্য পুর¯ৃ‹ত করে সম্মানিত করা হয়।
উপজেলা চত্বরে সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ ফেব্রুয়ারি ॥ সাভার উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ৩ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট এ ভবনে থাকবে উপজেলা নির্বাহী কর্মকতা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কার্যকরী দফতর ও অডিটরিয়াম।
লোহাগড়ায় কলেজের করণিক নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ ফেব্রুয়ারি ॥ নড়াইলের লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের করণিক ও লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান সরদার (৩৯) শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। একদিন অতিবাহিত হলেও তাঁর কোন সন্ধান মেলেনি। বর্তমানে ওই পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে রবিববার সকালে নড়াইল শহরসংলগ্ন আউড়িয়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের বাড়ির ২শ’ গজ দূরে রাস্তার পাশ থেকে মতিয়ারের ব্যবহৃত মোবাইল ফোন ও হ্যান্ডব্যাগটি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবহৃত মোটরসাইকেলটি (ডিসকোভারি-১৫০) পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মতিয়ার রহমান লোহাগড়া আদর্শ কলেজপাড়ায় ভাড়া বাসা থেকে ব্যবসার কাজে নড়াইল শহরে আসেন। রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী সোনিয়া আফরোজের নিকট তিনি ফোন করে জানান যে, আধাঘণ্টা পর নড়াইল শহরে থেকে বাড়িতে রওনা হবেন। কিন্তু রাত ১০টার পরেও বাড়ি না ফেরায় মোবাইলে খোঁজ নেয়ার চেষ্টা করা হয়। বার বার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনায় রাতেই নড়াইল শহর ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় মতিয়ার রহমানের স্ত্রী সোনিয়া আফরোজ নড়াইল সদর থানায় একটি জিডি করেছেন।
ময়মনসিংহে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের রবিবার সকালে স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এই ওরিয়েন্টেশনে দু’টি ব্যাচের ৪০ মহিলা অংশ নেয় ও পরে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেয়া হয়। শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক উন্নয়নসহ পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশের ৩০টি জেলায় এই কর্মসূচীর বাস্তবায়ন চলছে বলে জানায় এর উদ্যোক্তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় ফাতেমা জোহরা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম, বিশেষ অতিথি যুগ্ম সচিব নাসরিন আক্তার ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচন
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ২৬ ফেব্রুয়ারি ॥ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার জেলা বার ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদ (আ’লীগ নেতা) সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের আবুল আলা ২২৩ ভোটপান। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন (আ’লীগ নেতা) ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ২২০ ভোট। সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জাফর আলম ও মোহাম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়া উদ্দিন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুর রহমান, পাঠাগার সম্পাদক পদে জসিম উদ্দিন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ আবু তাহের এবং সদস্য পদে ইয়াসমিন শওকত জাহান, আবুল কাসেম, সাব্বির আহমদ, রাহামত উল্লাহ, নাজিম উদ্দিন, আমজাদ হোসেন, মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, মোহাম্মদ ছাদেক উল্লাহ ও মোহাম্মদ ইসহাক নির্বাচিত হয়েছেন।