মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১২, ১৫ ফাল্গুন ১৪১৮
শরীয়তপুরে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার চন্দ্রপুর মাজেদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশারের বাড়িতে ডাকাতি এবং পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুর ১২টায় চন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়। পরে একই দাবিতে চন্দ্রপুর বাজারের পাশের রাস্তায় ৩০ মিনিটব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন কর্মসূচীতে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ নয়ন খান, ইউসুফ মাস্টার, তমিজ উদ্দীন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। গত ২১ ফেব্রুয়ারি রাতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা অধ্যক্ষ আবুল বাশারের বাড়িতে হামলা করে পরিবারের সদস্যদের গুরুতর আহত করে এবং ঘরের মূল্যবান মাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি।

দৌলতপুরে ছিনতাইকারীদের হামলায় আহত ৪
নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সশস্ত্র ছিনতাইকারীদের হামলায় দু’গরু ব্যবসায়ীসহ ৪ জন আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের ১০টি গরু লুট করে নিয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার প্রাগপুর কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামের গরু ব্যবসায়ী দাউদ হোসেন ও নীলচাঁদ আলী রাজশাহী থেকে ১০ গরু ক্রয় করে শ্যালো ইঞ্জিনচালিত বড় নছিমনযোগে প্রাগপুরে নেয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০/১২ সশস্ত্র ছিনতাইকারী কলার গাছ কেটে সড়কে ফেলে বেরিকেড দিয়ে নছিমনের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা নছিমনের চালক, গরুর রাখাল ও গরু ব্যবসায়ী দাউদ হোসেন এবং নীল চাঁদকে মুখ, হাত-পা বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে নছিমন বোঝাই ১০টি গরু লুট করে নিয়ে যায়। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, গরু ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও বেকারিতে এ অভিযান চালানো হয়। রবিবার সকাল সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলমের নেতৃত্বে তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় তারাব বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে দুটি খাবারের হোটেল ও একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় আব্দুল মান্নান নামে এক খাবার হোটেল ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় শনিবার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা শ্রমিকদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসেট লুটে নেয়। এ সময় ৪ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তারা। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেসিসির স্বাস্থ্যবিষয়ক তথ্য কর্মসূচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) দেশে প্রথমবারের মতো স্বাস্থ্যবিষয়ক তথ্য হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী আজ সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিটি মেয়র বলেন, কেসিসি তার স্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রতিদিন বিনামূল্যে ৩১টি ওয়ার্ডের প্রায় ১৬ হাজার পরিবারকে লালকার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া কেসিসির তত্ত্বাবধানে প্রায় ৪০টি বেসরকারী সংস্থা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সেবা প্রদান করছে। এ সব সংস্থার কার্যক্রমের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমন্বয় সাধন করতে এইচআইএমএস চালু করা হচ্ছে। সংবাদ সম্মেলনে খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধামইরহাটে কমিউনিটি পুলিশিং কমিটির সভা
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ ফেব্রুয়ারি ॥ শনিবার সন্ধ্যায় নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট থানা প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ইউৃএনও মিজানুর রহমান সরকার, পতœীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার কেএম আরিফুল হক, পুলিশিং কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।