শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯ 
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ আগুন লড়াই আজ
দলকে জন্মদিনের উপহার হিসেবে জয় এনে দিতে চান গেইল, ক্যারিবীয়দের আংশিক ভাল দল মনে করেন অসি কোচ আর্থার
স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ ওই সময় উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকেই আগে চিন্তা করেন সবাই। ব্যাট হাতে উইকেটের চারদিকে বোলারদের যে বেদম মার দেয়ার পারদর্শিতা রয়েছে তার কারণেই দলের চেয়ে বরং গেইলকেই মূল প্রতিপক্ষ বলে বিবেচনা করে সবাই। এখনও অবশ্য ক্যারিবীয়দের মাঠে নামার সুযোগ হয়নি। তবে আজই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামছে তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। মাঠে নামার আগেই বিধ্বংসী ব্যাটসম্যান গেইলের ৩৩তম জন্মদিন গেছে আগের দিন। তবে খুব একটা ঘটা করে উদ্যাপন করতে পারেননি তিনি। গেইলের ইচ্ছা আজ অসিদের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করেই তা উদ্যাপন করার। দলে কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলসের মতো ব্যাটসম্যানরা যেমন আছেন তেমনি সুনীল নারিনের মতো একজন বিস্ময়কর স্পিনারও আছেন। তাছাড়া অস্ট্রেলিয়ার কাছে হারলে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে ক্যারিবীয়দের জন্য। এ কারণেও জয় পেতে চান গেইল। তবে অসি কোচ মিকি আর্থার মনে করেন ক্যারিবীয়রা টি২০ ক্রিকেট আংশিক ভাল খেলে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দল সেটাও বাড়তি অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের। তবে আর্থার মনে করেন দল সেরাটা দিতে পারেনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও কয়েকটি বিষয়ে উন্নতির প্রয়োজন রয়েছে। দুদলের পূর্বের টি২০ রেকর্ডে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ৭ বারের মোকাবেলায় অস্ট্রেলিয়া ৪-৩ ব্যবধানে এগিয়ে। আর টি২০ বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়ে একবার করে জিতেছে উভয় দল। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ক্যারিবীয়দের পরাজিত করে ২০০৯ সালের বিশ্বকাপে হারের প্রতিশোধ তুলেছিল। দুবারই গ্রুপ ম্যাচেই দেখা হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের। এবারও গ্রুপ পর্বেই দেখা হচ্ছে দু’দলের। ম্যাচের আগের দিন শুক্রবার ৩৩ বছরে পা রেখেছেন বিধ্বংসী ওপেনার গেইল। আর আজই দল মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। অন্য দল আয়ারল্যান্ড দুর্বল হলেও তাদের বিরুদ্ধে জয় তুলে নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে অসিরা। আজ জিতলেই সুপার এইট নিশ্চিত হবে তাদের। আর ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হলে সুপার এইটে খেলতে হলে শেষ ম্যাচে অবশ্যই আন্ডারডগ এবং বিভিন্ন সময়ে নিজেদের জায়ান্ট কিলার হিসেবে প্রমাণ করা আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই জিততে হবে ক্যারিবীয়দের। এ জন্যই জয় চান গেইল। তিনি বলেন, ‘খুব বড় পরিকল্পনা নেই। ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের সঙ্গে আমি এটা উদ্যাপন করব। তবে কাল (আজ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই এটা উদ্যাপন করার ইচ্ছা। আমাদের দলের ব্যাটিং অর্ডারে বেশ কয়েকজন ভাল ক্রিকেটার আছে। এমনকি বেশ কয়েকজন ভাল স্পিনার এবং পেসারও আছে। আমাদের মূল লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে ওঠা। প্রথম খেলা সবসময় গুরুত্বপূর্ণ। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের এ ম্যাচটি অনেক বড় এবং এখানে জয় পেলে সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’ ড্যারেন ব্রাভো, সিমন্স, ড্যারেন সামি ছাড়াও ব্যাটিংয়ে আছেন গেইল-পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং দিনেশ রামদিন। আর বোলিংয়ে নারিনে ছাড়াও রবি রামপল ও আন্দ্রে রাসেল রয়েছে। তাই দলকে ব্যালান্সড মনে করছেন গেইল। কিন্তু অসি কোচ আর্থার মনে করেন ক্যারিবীয়রা মাঝেমধ্যে টি২০ ক্রিকেট অনেক ভাল খেলে। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এ টুর্নামেন্টকে চার ভাগে বিভক্ত করেছি যার প্রথমভাগে আছি মাত্র। ওয়েস্ট ইন্ডিজ খুবই ভয়ঙ্কর দল। আমরা আমাদের জয়ের ধারা ধরে রাখতে চাই। আমাদের আরও কিছু বিষয়ে উন্নতিরও প্রয়োজন আছে সেটা আমরা এ ম্যাচেই করতে চাই। বর্তমানে ক্যারিবীয়রা অনেক ভাল দল এবং তারা মাঝেমধ্যেই দুর্দান্ত ক্রিকেট খেলে।’
|