শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯ 
ফিল্ডিংয়ের সিদ্ধান্তই সঠিক ছিল ॥ মুশফিক
স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে অভিযান শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রিচার্ড পাইবাস জানিয়েছিলেন প্রথম ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আবার বাংলাদেশের ‘ডি’ গ্রুপে শক্তি-সামর্থ্যে নিউজিল্যান্ডই মোটামুটি বাংলাদেশের আয়ত্বের ভেতর ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা পারেনি বাংলাদেশ শুধু এক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিংতা-বের কারণে। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম টস জিতেও ফিল্ডিং নেয়ার কারণে। তবে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং দেখেই বোঝা গেছে পুরোপুরি ব্যাটিং স্বর্গই ছিল পাল্লেকেলের উইকেট। এরপরও প্রথমে ফিল্ডিং নেয়ার বিষয়টিই প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুশফিক মনে করেন প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। এছাড়া ম্যাককালামের অসাধারণ ইনিংসের সুবাদে কিউইদের রান বড় হয়ে যাওয়ায় পরবর্তীতে ঝুঁকি নিয়ে ব্যাট চালাতে গিয়ে দ্রুত আউট হয়ে গেছেন ব্যাটনসম্যানরা এমনটাই দাবি বাংলাদেশ অধিনায়কের।
পাল্লেকেতে পরে ব্যাট করে জয়ের কোন রেকর্ড নেই। পরিসংখ্যান এমন হওয়ার পরও টস জিতে পরে ব্যাট করার কারণটা জানতে চেয়েছেন সবাই। জবাবে মুশফিক বলেন, ‘আমাদের টার্গেট ছিল ওদের অল্প রানে আটকে দেয়ার। সেক্ষেত্রে আমাদেরও সুযোগ থাকবে। এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভুল ছিল না। আমরা যা করেছি তা ভুল ছিল। আমরা তিন বিভাগেই ভাল খেলতে পারিনি।’ ৫৯ রানে বড় পরাজয় কিছুতেই কাম্য ছিল না বিশ্বকাপের সুপার এইটে খেলার লক্ষ্যে যাওয়া বাংলাদেশের জন্য। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক এ বিষয়ে বলেন, ‘আসলে টি২০ ক্রিকেট এমন একটি ফরমেট যেখানে অনেক কিছুই হতে পারে। আমি একদিন আগেও বলেছিলাম ওদের দলে ম্যাচজয়ী ক্রিকেটার আছে, আমাদের দলেও আছে। প্রতিপক্ষে দুই বা একজন ভাল খেললেই তখন আমাদের ঐ পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা কঠিন হয়ে যায়। আর যেহেতু ম্যাককালাম টি২০ ম্যাচে এখন শীর্ষ ব্যাটসম্যান। ওর মতো ব্যাটসম্যান যখন এমন একটা ইনিংস খেলে তখন আমাদের বোলার আর ফিল্ডারদের জন্য বিষয়টি কঠিন হয়ে যায়। আরেকটি বিষয় ম্যাককুলাম খুবই ভাল খেলেছে। কিন্তু আমাদের বোলিং-ফিল্ডিং যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। আমরা আমাদের শত ভাগ খেলতে পারলে ওদের ১৬০ বা ১৭০ রানের মধ্যে আটকাতে পারলে একটা সুযোগ ছিল।’ মুশফিকের মতে ডি গ্রুপে তিন দলের মধ্যে বাংলাদেশই কিছুটা দুর্বল। সেদিক থেকে বাংলাদেশের ওপর চাপটা বেশি ছিল। বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাও বেশি খারাপ হয়েছে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘১৯১ রান হয়ে গেলে তখন আমাদের স্বাভাবিক খেলার চেয়ে বেশি ঝুঁকি নিয়ে খেলতে হয়। তাই হয়েছে আজ। হিসাব করে খেলা সম্ভব হয়নি। তাই দ্রুত উইকেটের পতন ঘটেছে।’
|