বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২, ৫ আশ্বিন ১৪১৯ 
অস্ট্রেলিয়ার সহজ জয় আইরিশদের বিরুদ্ধে
স্পোর্টস রিপোর্টার ॥ তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের সব্যসাচী নৈপুণ্যের ওপর ভর করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান করে আইরিশরা। জবাবে ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অসিরা। প্রথমে বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতেও ৩০ বলে ৫১ রানের চমৎকার এক হাফসেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার ওয়াটসন। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারের ২৬ ও ক্যামেরন হোয়াইটের অপরাজিত ২২ রান জয়ের পথকে সহজ করে দেয়।
তার আগে অস্ট্রেলিয়ার পেস বোলারদের তোপের মুখে ব্যাটিংয়ে নিজেদের মেলে ধরতে পারেনি আইরিশরা। টস জিতে অধিনায়ক ডেভিড পোর্টারফিল্ড যে উদ্দেশে ব্যাট হাতে তুলে নেন তা সফল হয়নি অসি বোলারদের দাপটের মুখে। রানের খাতা খোলার আগেই দিনের সেরা বোলার ওয়াটসনের নিখুঁত লাইনের বলে বোল্ড হন ওপেনিংয়ে নামা স্বয়ং অধিনায়ক। ওয়াটসনের করা প্রথম বলেই মিচেল স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন পোর্টারফিল্ড। দলীয় ১৫ রানে দ্বিতীয়, ২৫ রানে তৃতীয় ও ৩৩ রানে টপ অর্ডারের চতুর্থ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ডÑ তৃতীয় ও ষষ্ঠ উইকেট জুটিতে দুই ও’ব্রেইন নেইল আর কেভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। দলীয় ৮৫ রানে পঞ্চম, ৮৬ রানে ষষ্ঠ নির্ধারিত ২০ ওভারে ১২৩ রান করার পথে ১০১ রানে নিজেদের সপ্তম উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন ছয় নম্বরে নামা কেভিন ও’ব্রেইন। অস্ট্রেলিয়ার হয়ে শেন ওয়াটসন ৩টি, মিচেল স্টার্ক ২টি ও গ্লেন ম্যাক্সওয়েল, ব্রাড হগ ১টি করে উইকেট নেন।
জয় দিয়ে শুরু করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অসি দলপতি জর্জ বেইলি বলেন, ‘ম্যাচে নিজেদের নৈপুণ্যে সন্তুষ্ট আমরা। বিশেষ করে ওয়াটসন আজ সত্যি অসাধারণ খেলেছে। ও যে সত্যিকারের ম্যাচ-উইনার সেটি প্রমাণ করেছে। এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ পরের ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষ হিসেবে ক্যারিবীয়রা ভয়ঙ্কর। সুতরাং আসন্ন ম্যাচটি নিয়ে এখনই পরিকল্পনা আঁটতে হবে আমাদের।’ বি- গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ ২২ সেপ্টেম্বর। অন্যদিকে প্রায় অসহায় আত্মসমর্পণে হতাশা ঝরেছে আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ডের কণ্ঠে। তিনি বলেন, ‘জানতাম অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। কিন্তু প্রস্তুতি ম্যাচসহ গত কয়েকদিনে আমরা যে ছন্দে ছিলাম এ ম্যাচে সেটি দেখাতে পারিনি। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবতে হবে আমাদের।’
স্কোর ॥ আয়ারল্যান্ড ১২৩/৭ (২০ ওভার; নেইল ২০, কেভিন ৩৫; ওয়াটসন ৩/২৬, স্টার্ক ২/২০), অস্ট্রেলিয়া ১২৫/৩ (১৫.১ ওভার; ওয়াটসন ৫১, ওয়ার্নার ২৬, ক্যামেরন ২২*, কেভিন ১/১৮)।
ফল ॥ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা ॥ ওয়াটসন (অস্ট্রেলিয়া)।
|