মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২, ৫ আশ্বিন ১৪১৯
মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। অথচ কোন তাপ, উত্তেজনা নেই! থাকবে কী করে? এই ম্যাচে খেলছেন না দু’দলের কোন তারকা ফুটবলার। খেলবেন কী করে! নিয়মই যে নেই। ২০১১ সাল থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল খেলিয়ে দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে শুরু হয়েছে দুই ম্যাচের সিরিজ। এর নামকরণ করা হয়েছে ‘সুপার ক্ল্যাসিকো দি লাস আমেরিকাস।’ টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী, এই লড়াইয়ে খেলবেন দুই দেশের ঘরোয়া লীগের ফুটবলাররা। এ কারণে এই সিরিজে আর্জেন্টিনার হয়ে খেলবেন না লিওনেল মেসি, সার্জিও এ্যাগুয়েরো, এ্যাঞ্জেল ডি মারিয়ার মতো বিশ্বখ্যাত তারকা। তেমনি ব্রাজিল দলে দেখা যাবে না মার্সেলো, আদ্রিয়ানো, রবিনহো, থিয়াগো সিলভা, রামিসের, দানি আলভেজ, হাল্ক ও অস্কারকে। ইউরোপিয়ান লীগে না খেলার কারণে স্বাভাবিকভাবেই ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্ল্যাসিকোতে বড় তারকার নাম নেইমার। গত ১৮ মাসে দুর্দান্ত ফুটবল খেলা এই তারকা খেলে থাকেন ব্রাজিলিয়ান লীগের দল সান্তোসে। তবে ফুটবলামোদীদের জন্য দুর্ভাগ্য, সুপার ক্ল্যাসিকোর দ্বিতীয় মৌসুমের প্রথম ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে নেইমারেরও। এমন অবস্থায় সুপার ক্ল্যাসিকো সিরিজের প্রথম ম্যাচে আজ একে অপরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জোইয়াসের রাজধানী জোইয়ানিয়ার স্টাডিও সেরা দোরাদায় মুখোমুখি হবে দু’দেশ। গ্রিনিচ মান সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এর অর্থ বাংলাদেশে ম্যাচটি দেখা যাবে আজ সকাল ৭টা থেকে।
গত বছর থেকে শুরু হওয়া এই সুপার ক্ল্যাসিকোর বর্তমান শিরোপাধারী ব্রাজিল। ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ব্রাজিলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আসর। ব্রাজিলে আজকের ম্যাচের পর আগামী ৩ অক্টোবর আর্জেন্টিনায় ফিরতি ম্যাচ হবে। আজকের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে অনেকটা অখ্যাত দল নিয়ে। দলের কোচ আলেসান্দ্রো সাবেলা তাই কিছুটা হলেও চিন্তিত। অন্যদিকে তুলনামূলক শক্তিশালী দলই পাচ্ছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। ২০১০ বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাবেক সেভিয়া তারকার প্রেরণা উসাইন বোল্ট। আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করতে পারলে বোল্টের মতো শূন্যে তীর ছোড়ার ভঙ্গিতে উদ্যাপন করার ঘোষণা দিয়েছেন ফ্যাবিয়ানো। এক সাক্ষাতকারে ফ্যাবিয়ানো বলেন, আমি বোল্টের ভক্ত। গোল করতে পারলে তাঁর মতো উদ্যাপন করব। ব্রাজিলের হয়ে ৪৩ ম্যাচে ২৮ গোল করা ফ্যাবিয়ানোর হয়ত এটাই জাতীয় দলে নিজেকে পুনর্প্রতিষ্ঠিত করার শেষ সুযোগ। বিষয়টি অনুধাবন করতে পারছেন ৩১ বছর বয়সী তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার যে এখনও অনেক দেয়ার আছে তা প্রমাণ করতে হবে। এই দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় আমি। এটা নিয়ে আমি ভাবছি না। এই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই।
ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে বিজয়ীর হাসি হেসেছিল আর্জেন্টিনা। গত ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আর্জেন্টিনা জয় পেয়েছিল ৪-৩ গোলে। এ পর্যন্ত আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে ৯৩ বার। এতে জয়ের পাল্লা ভারী দিয়াগো ম্যারাডোনার দেশের। আর্জেন্টিনার ৩৫ জয়ের বিপরীতে ব্রাজিলের জয় ৩৪ ম্যাচে। বাকি ২৪ ম্যাচ ড্র হয়। আজ তাই জয়ে সমতা ফেরার সুযোগ পেলের উত্তরসূরিদের।