মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২, ৫ আশ্বিন ১৪১৯
প্রথম ম্যাচটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ
স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে শুক্রবার। প্রথমদিনেই টাইগারদের প্রতিপক্ষ কিউইরা। এ দলটির বিরুদ্ধে ম্যাচটিকেই বেশি গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে। বাংলাদেশ দলের প্রধান কোচ রিচার্ড যেমন বুধবার ক্যান্ডিতে বললেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ এই ম্যাচটিতে জিততে পারলে দ্বিতীয় পর্বে ওঠার যে আশা তা অনেকটাই সফল হওয়ার পথে হাঁটবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে নামার আগে বাংলাদেশের সামনে কোন্ স্মৃতি প্রেরণা হয়ে থাকছে? নিশ্চিতভাবেই বলা যায় ২০১০ সালে ৪-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতিই প্রেরণা যোগাবে। কিন্তু সেই প্রেরণা কি শেষপর্যন্ত জয় এনে দিতে পারবে? মুশফিকদের যে হারানোর সুযোগেই থাকবে কিউইরা। প্রতিশোধ নেয়ার মিশনও ব্ল্যাকক্যাপসদের সামনে। বাংলাদেশ দল স্পিন দিয়ে তখন বধ করেছিল নিউজিল্যান্ডকে। মাটিতে নামিয়েছিল। হোয়াইটওয়াশ করেছিল। এবার সেই স্পিন দিয়েই আবারও জয় পাওয়া সম্ভব? পাইবাস বললেন, ‘কিউইদের পেস বিভাগের মতো এখন স্পিন বিভাগও শক্তিশালী। আমাদের স্পিন বিশ্বমানের। এখন পেস বিভাগে মাশরাফি (মর্তুজা)-শফিউলের (ইসলাম) ওপর ভরসা করতে হবে।’ এবার টি২০ বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ ধরা হচ্ছে ‘ডি’ গ্রুপকে। ডেথ গ্রুপই ধরা হচ্ছে। অর্থাৎ যে কোন দুটি দল দ্বিতীয় পর্বে খেলতে পারে। পাইবাসের কাছ থেকে এ নিয়ে অভিমত জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আসলে ম্যাচ তো ম্যাচই। মাঠে যারা ভাল খেলবে তারাই জয় পাবে। ডেথ গ্রুপ বলে লাভ কী?’ ভারতের বিরুদ্ধে সর্বশেষ টি২০ ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে। কিউইরা কতটা শক্তিশালী সেই ম্যাচের দিকে দৃষ্টি দিলেও বোঝা যায়। পাইবাস বলেন, ‘আমি অন্য কোন দলের নৈপুণ্যের দিকে তাকাচ্ছি না। আমি আমার ছেলেদের নিয়ে ভাবছি।’ বাংলাদেশ নিয়ে আপনার বিশেষ কোন ভাবনা আছে কী? পাইবাস এমন প্রশ্নে বলেন, ‘আমি বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর এটাই সবচেয়ে বড় আসর। ভাবনা তো থাকবেই।’ আর নিউজিল্যান্ড দল নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাইলে উত্তরে বলেন, ‘পরিকল্পনা আমার মতো করেই সাজাচ্ছি। এর চেয়ে বেশি কিছু বলব না।’ আপনি এক সময় পাক দলের কোচ ছিলেন। আর একসময় ডেভ হোয়াটমোর বাংলাদেশের কোচ ছিলেন। দুই জনেই দুই দলের ভেতরের কথা অনেক কিছু জানেন। এ বিষয়ে পাইবাস জানান, ‘একটি দলে কোচ বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন ঘটে। আমি বাংলাদেশের কোচ হয়ে খুব বেশি কিছু বদলাইনি। ছেলেদের নিজস্ব স্টাইলেই খেলতে বলেছি।’ ক্রিকেটাররা এখন নিজস্ব স্টাইল কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারলেই হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মাত্র টি২০ ম্যাচ খেলা হয়েছে। সেটিতে হেরেছে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে কখনই নিউজিল্যান্ড-বাংলাদেশ লড়াই হয়নি। এবার প্রথম হচ্ছে। আর প্রথমবারেই কোন্ দল বাজিমাত করে সেটি দেখার অপেক্ষা এখন। বাংলাদেশ ২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার প্রেরণা সঙ্গে নিয়ে জয় তুলে নিতে পারে নাকি কিউইরা প্রতিশোধ নিতে সক্ষম হয়ে যায় সেটিই দেখার বিষয়। এরপরই বাংলাদেশ ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে। নিউজিল্যান্ড অথবা পাকিস্তান যে কোন একটি দলকে হারাতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা থাকবে। তবে প্রথম ম্যাচটাই গুরুত্বপূর্ণ। পাইবাস তাই মনে করেন।