সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১২, ২ আশ্বিন ১৪১৯ 
ফুটবলারদের দায়ী করলেন মরিনহো
স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের তৃতীয়, লীগের দ্বিতীয় হার। যা বার্সিলোনার সঙ্গে পয়েন্টের দূরত্ব সৃষ্টি করেছে আটে। মৌসুমের প্রথম দিকেই এমন বাজে পারফরমেন্সে ত্যক্ত-বিরক্ত রিয়ালভক্তরা। পরশু সেভিয়ার মাঠে ১-০ গোলে হারার পর ক্ষেপেই গেছে দলের পর্তুগীজ কোচ জোশে মরিনহো। কোন অজুহাত নয়, এমন রেজাল্টের জন্য সরাসরি নিজের ফুটবলারদেরই দুষেছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহোর অভিযোগ, ‘ম্যাচে মনোযোগ ছিল না খেলোয়াড়দের। ফলে প্রাপ্ত সুযোগগুলোও কাজে লাগাতে পারেনি তারা।’ দলের প্রতি তাঁদের প্রতিশ্রুতি সম্পর্কেও প্রশ্ন তোলেন এই স্পেশাল ওয়ান।
‘আমি আমার দল নিয়ে শঙ্কিত। তা মৌসুমের গোড়া থেকেই। শুধু স্প্যানিশ সুপার কাপে ভাল খেলতে পেরেছি আমরা। অন্য কোথাও নয়। পয়েন্ট ব্যবধানের চেয়েও দল নিয়ে বেশি আতঙ্কিত আমি।’ বলেছেন মরিনহো। ম্যাচে ১-০ গোলে জয়ী সেভিয়াকে অভিনন্দনও জানিয়েছন তিনি। ‘সেভিয়াকে অভিনন্দন। কোন সন্দেহ নেই, জয় ওদেরই প্রাপ্য ছিল। বাজে খেলার প্রাপ্য পুরস্কারটাই পেয়েছি আমরা।’ এমন পরিস্থিতির জন্য রোনাল্ডোর বোমা ফাটানো তথ্যই দায়ী কি না এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘দুই সপ্তাহ ধরে চলা গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। গেতাফে বা গ্রানাডার বিপক্ষে যেমন খেলেছি, এই ম্যাচটা এর চেয়ে ভিন্ন কিছু ছিল না। দলে খুব কম খেলোয়াড়ই আছে, যারা প্রতিশ্রুতিশীল ও মনোযোগী, যারা ফুটবলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলে। প্রতিপক্ষের লড়াইয়ের মানসিকতাও ওদের নেই। প্রতিশ্রুতিশীল খেলোয়াড় না থাকলে ভাল করা কঠিন। আমি কোচ। দলে এমন খেলোয়াড় না থাকলে এর দায় আমারও।’
লা লীগায় ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বার্সিলোনা। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মালাগা। আর ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা রিয়াল মাদ্রিদ রয়েছে দশম স্থানে। এর পেছনে অন্যতম কারণ এ্যাওয়ে ম্যাচে বাজে পারফরমেন্স। কারণ প্রতিপক্ষে মাঠে অনুষ্ঠিত এ পর্যন্ত দুটি ম্যাচেই হেরেছে তারা। ঘরের মাঠে দুই ম্যাচে এক জয়, এক ড্র মরিনহো বাহিনীর।
মাঠের বাইরে পুয়ল
স্পোর্টস রিপোর্টার ॥ চোটের শিকার হয়েছে বার্সিলোনার অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস পুয়ল। পরশু লা লীগার ম্যাচে গেতাফের বিরুদ্ধে বাঁ পায়ে চোট পান তিনি। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ টিটো ভিলানোভা। এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় দেড়মাস সময় লেগে যেতে পারে পুয়লের। গত দুই মৌসুমেও চোট আক্রান্ত হয়েছেন পুয়ল। একই কারণে চলতি বছর খেলতে পারেননি জাতীয় দল স্পেনের হয়ে ইউরো ফুটবলে।
চোট সারাতে শেষপর্যন্ত ডান পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে।
|