বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২, ৪ শ্রাবণ ১৪১৯ 
টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং
যুবরাজ সিং
স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন আগে শক্তিশালী গণমাধ্যমগুলোয় ইঙ্গিত দেয়া হয়েছিল ভারতের টি২০ বিশ্বকাপ দলে থাকছেন ক্যান্সারজয়ী যুবরাজ সিং। ক্যান্সার মুক্ত হলেও পুরোপুরি শারীরিক শক্তি ফিরে পাননি, তাই নিজেকে ঝালাই করে নিতে জাতীয় একাডেমীতে পুরোদস্তুর প্র্যাকটিসে ঝাঁপিয়ে পড়তে পারেননি এখনও। তাদের প্রিয় তারকা শ্রীলঙ্কা বিশ্বকাপে রাখা হবে তোÑ যুবিভক্তরা তাই ছিলেন খানিক সন্দেহের মধ্যে। সে সন্দেহ দূর হয়েছে। বুধবার টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকরা যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছে ৩০ বছর বয়সী চ-িগড় হিরোকে। যুবি ছাড়া ঘোষিত দলে বড় চমক অফস্পিনার হরভজন সিংয়ের ফিরে আসা ও ২০ বছর বয়সী পাঞ্জাব অলরাউন্ডার মানদিপ সিংয়ের প্রথমবারের ডাক পাওয়া।
গত ওয়ানডে বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর অসুস্থতার কারণে দীর্ঘদিন থেকেই মাঠের বাইরে যুবরাজ। ক্যান্সার ধরা পড়ার পর আমেরিকায় চিকিৎসার জন্য কাটিয়েছেন দীর্ঘ সময়। মোটামুটি সুস্থ হয়েই ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। শেষপর্যন্ত তাঁর মানসিক দৃঢ়তারই জয় হলো। অপরদিকে হরভজন সিংয়ের ব্যাপারটি ছিল একেবারেই আলাদা। অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অফ-স্পিনার। টি২০ বিশ্বকাপের ৩০ জনের সম্ভাব্য দলে সুযোগ হয়েছে তাঁরও। এই দুজনের নাম টি২০ বিশ্বকাপের সম্ভাব্য দলের সবচেয়ে বড় চমক। তবে ভারতীয় ক্রিকেটে প্রায় বিস্মৃত লক্ষ্মীপতি বালাজির নামও চমক হিসেবে নিতে পারেন। ২০০৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরমেন্সের পুরস্কার পেয়ে অন্তর্ভুক্ত হলেন বিশ্বকাপের দলে। যুবরাজ সিংয়ের দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘আমার মনে হয়, যুবরাজ সুযোগ পেতেই পারে। বিশ্বকাপে তার পারফরমেন্সই ভারতকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছিল।’ যুবরাজ সিং আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর থেকেই ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপের প্রথম আসরে এই যুবরাজ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় নতুন করে ঝড় তুলেছিলেন। বিশ্বকাপে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে যথারীতি মহেন্দ্র সিং ধোনির বাহুতেই। দলে একেবারেই নতুন মুখ বলতে গেলে মানদিপ সিং। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন মানদিপ। এছাড়া পাঞ্জাব ও উত্তর প্রদেশের হয়ে এ মৌসুমে হাজারের ওপরে রান করেন তিনি। যা প্রথমবারে মতো জাতীয় দলের ক্যাপ পরার সুযোগের পথে এগিয়ে দেয় মানদিপ সিংকে।
ভারতের প্রাথমিক দল ॥ মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গাম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন আশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, অশোক দ্বিন্দা, অজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, রাহুল শর্মা, বিনয় কুমার, জহির খান, যুবরাজ সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মানদিপ সিং, পিযুষ চাওলা, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান, আমবাতি রাইডু, হরভজন সিং, মুনাফ প্যাটেল, নামান ওঝা, দীনেশ কার্তিক, প্রবীন কুমার ও লক্ষ্মীপতি বালাজি।
|