বুধবার, ২০ জুন ২০১২, ৬ আষাঢ় ১৪১৯ 
আয়ে টেন্ডুলকরকে পেছনে ফেললেন ধোনি
স্পোর্টস রিপোর্টার ॥ ২৮ বছর পর অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ উপহার দিয়ে ভারতীয়দের স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন। পুরস্কার আর অর্থ আর স্মারকে ভরে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির ড্রইংরুমের সেলফ। কিন্তু ইংল্যান্ড সফরে চার ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ানোয় সে অবস্থা আর নেই। প্রশ্ন উঠেছে তার টেস্ট সামর্থ্য নিয়ে। কিন্তু তাতে আয়ের খতিয়ানে ভাটা পড়েনি। বরং রমরমাই বলা যায়। আয়ের দিক দিয়ে গ্রেট শচীন টেন্ডুলকরকে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক। ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি বিশ্বের সেরা ১০০ ধনী খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। তাতে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয় এখন ধোনির। ফোর্বসের তালিকায় ৩১তম অবস্থানে রয়েছেন ধোনি। লিটলমাস্টার রয়েছেন ৭৮তম স্থানে। তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফয়ড মেওয়েদার জুনিয়র। গত মৌসুমে তিনি আয় করেছেন ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানেও আরেক বক্সার প্যাককুইয়াও। তার বার্ষিক আয় ৬২ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে সাবেক শীর্ষ ধনী টাইগার উডস নেমে গেছেন তৃতীয় স্থানে। মার্কিন গলফারের আয় ৫৯.৪ মিলিয়ন ডলার। মিয়ামি হিট স্টার লেব্রন জেমস ৫৩ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে আছেন চতুর্থ স্থানে। সুইস টেনিস তারকা রজার ফেদেরারের অবস্থান পঞ্চম (৫২.৭ মিলিয়ন ডলার)। ফুটবলারদের মধ্যে তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
জাতীয় স্কুল ফুটবল
স্পোর্টস রিপোর্টার ॥ আব্দুল্লাহর হ্যাটট্রিকে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চবিদ্যালয় ৫-০ গোলে গাবতলী শহীদ জিয়া উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। আব্দুল্লাহ ৪৪, ৫০ ও ৫৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে। শুভ ২৬ ও আসাদুল ৬৯ মিনিটে গোল করে। নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় ২-০ গোলে শেরপুর ফসিহ উল-উলুম দাখিল মাদ্রাসাকে হারিয়েছে। রাব্বি ২৯ ও সেলিম ৪৭ মিনিটে গোল করে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ১-০ গোলে সিলেট মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। মোসাদ্দেক ৬৮ মিনিটে একমাত্র গোল করে। চট্টগ্রাম কাটিরহাট উচ্চবিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চবিদ্যালয়কে পরাজিত করেছে। বিজয়ী দলের আবু তালেব ২০, রাশেদুল ৩৩ ও আলী হোসেন ৪২ মিনিটে গোল করে। চার ম্যাচে আব্দুল্লাহ, মিঠু, মোসাদ্দেক, রাশেদুল সেরা খেলোয়াড় হয়ে লটোর বুট পেয়েছে।
|