মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বুধবার, ২০ জুন ২০১২, ৬ আষাঢ় ১৪১৯
ওয়ানডেতে লঙ্কায় বিধ্বস্ত পাকরা
স্পোর্টস রিপোর্টার ॥ এঞ্জেলা ম্যাথুসের চমৎকার ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে দুই বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১’এ জিতে নিয়েছে মাহেলা জয়াবর্ধনের দল। সোমবার কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে সফরকারী পাকিস্তান। জবাবে ম্যাথুসের চিত্তাকর্ষক হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৪৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ানডের আগে দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১’এ অমীমাংসিতভাবে শেষ হয়। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ২২ জুন গলেতে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজ নির্ধরণী পঞ্চম ওয়ানডেতে বেশিরভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের দখলে। ২৪৮ রানের জয়ের লক্ষ্যে নেমে সোহেল তানভির ও শহীদ আফ্রিদির সাঁড়াশি বোলিং তোপে এক পর্যায়ে ৩৪.২ ওভারে ১৩৮ রান তুলতেই যখন ৬ উইকেট খোয়ায় মাহেলার দল, তখন মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু সাত নম্বরে নেমে টেল এন্ডারদের সঙ্গী করে সব হিসেব পাল্টে দেন অলরাউন্ডার ম্যাথুস। ৭৬ বলে ৪ চার ও ২টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে ভেড়ান তিনি। ৪০ ও ৫৪ রানের দুটি ইনিংস দিয়ে ভাল সহায়ত করেন কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমাল ম্যাচসেরা হওয়ার পাশাপাশি গতকালই দারুণ এক পুরস্কারও পেয়েছেন ওয়ানডের সহ-অধিনায়ক। এবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টেও মাহেলার ডেপুটি করা হয়েছে তাকে। বল হাতে দুর্বার নৈপুণ্যে সিরিজসেরা হওয়ার পুরস্কার পেয়েছেন মিডিয়াম পেসার থিসারা পেরেরাও। টেস্টের দলে রাখা হয়েছে তাকে। এছাড়া টেস্টে ফিরেছেন নুয়ান কুলাসেকারা, জীবন মেন্ডিস ও চানাকা ওয়েলেগেদারা। বাদ পড়েছেন সুরাঙ্গা লাকমল, ধাম্মিকা প্রাসাদ, নুয়ান প্রদীপ, সামিন্দা এরাঙ্গা ও লাহিরু থিরিমান্নে।