রবিবার, ২৫ মার্চ ২০১২, ১১ চৈত্র ১৪১৮ 
ওয়েলিংটন টেস্ট- দ্বিতীয় দিনে উইকেট পড়েনি
স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলিংটনে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছে । গতকাল সাড়ে তিন ঘণ্টা মাঠে গড়িয়েছে খেলা, খেলা হয়েছে ৩৭ ওভার। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও জেপি ডুমিনির অবিচ্ছিন্ন ১১০ রানের জুটির সুবাদে দিনশেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ২৪৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। পিটারসেন ৯৬ ও ডুমিনি ৭৬ রানে অপরাজিত রয়েছেন। সপ্তাহ খানেক ধরেই ওয়েলিংটনে বৃষ্টি চলছে। নিউজিল্যান্ড সফরে প্রোটিয়াদের জন্য বৃষ্টিটা যেন মূর্তিমান শত্রু হয়ে আবির্ভূত হয়েছে। প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও বৃষ্টির জন্য জয়হীন মাঠ ছাড়াতে হয়েছিল। তৃতীয় ও শেষ টেস্টে দিনের খেলা স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছিল মধ্যাহ্ন বিরতির পর। সেদিন খেলা হয়েছিল ৪২ ওভার। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২ উইকেটে ১৩৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল। গতকাল শনিবারও একই অবস্থায় দ্বিতীয় দিনের খেলা আরও পরে প্রায় সোয়া ২টার দিকে শুরু হয়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিটারসেন ও ডুমিনি দেখেশুনে খেলতে থাকেন। এদিন কোন উইকেট না হারানোয় দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাই। গতকাল কোন উইকেট না হারিয়ে আরও ১১০ রান যোগ করে তারা। সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ২৪৬/২ (স্মিথ ৫, পিটারসেন ৯৬*, আমলা ৬৩, ডুমিনি ৭৬*; ব্রেসওয়েল ১/৪৬, গিলেস্পি ১/৬৮) দ্বিতীয় দিন শেষে।
যমুনা ফাইনালে
স্পোর্টস রিপোর্টার ॥ প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ালটন-আরটিভি স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে স্টুডেন্ট এক্সপ্রেস ‘যমুনা।’ শুক্রবার প্রথম সেমিতে ইউএমএম আল কোয়াম ‘পদ্মাকে’ টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উন্নীত হয় তারা। ডালস্কো মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মীমাংসা হয় গোল্ডেন গোলে। এর আগে ম্যাচ অমীমাংসিত থাকে ২-২ গোলে।
|