রবিবার, ২৫ মার্চ ২০১২, ১১ চৈত্র ১৪১৮ 
এ্যাশেজ স্বপ্নে কাউন্টি বিসর্জন
স্পোর্টস রিপোর্টার ॥ মর্যাদার টেস্টে ক্যারিয়ারটাকেও আরও দীর্ঘ করা ও আরেকটি এ্যাশেজ সিরিজে অংশ নেয়ার সুপ্ত বাসনায় অর্থের লিপ্সা ত্যাগ করলেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটসম্যান রিকি পন্টিং। ইংলিশ কাউন্টিসহ বিদেশী ক্লাবগুলোর ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন না বলে মনস্থির করেছেন কিংবদন্তিতুল্য এ ব্যাটিং জিনিয়াস। গতকাল পন্টিংয়ের ম্যানেজার জেমস হেন্ডারসের টুইনার বার্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় প্রভাবশালী দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড। হেন্ডারসের টুইটে লেখা হয়, ‘ভবিষ্যতের কথা জানি না তবে, আপাতত ২০১২ সালে ইংলিশ কাউন্টিতে খেলছেন না পন্টিং। সাবেক অধিনায়ক পন্টিংয়ে এ সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, ‘২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মতো গুরুত্বপূর্ণ দুটি সফরে সম্পূূর্ণভাবে কেবল টেস্টেই মনোযোগ দিতে চান তিনি। এ সময়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ঘরোয়া শেফিল্ডশিল্ডেও খেলবেন। এরপর গুরুত্বপূর্ণ এ্যাশেজ সিরিজ। পাশাপাশি পরিবার পরিজনকেও সময় দেয়ার ব্যাপার রয়েছে। সুতরাং নিজেকে ইনজুরিমুক্ত ও মানসিকভাবে ফিট রাখতে কাউন্টি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’ উল্লেখ্য, ইংলিশ কাউন্টিতে সমারসেটের হয়ে খেলেন পন্টিং।
চলতি মাসের শুরুর দিকে শেষ হওয়া কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ চলাকালে ফর্মহীনতার জন্য ওয়ানডে দল থেকে বাদ পড়েন ৩৭ বছর বয়সী পন্টিং। এরপর মাঠের বাইরে থেকেই স্বল্পদৈর্ঘ্যরে ক্যারিয়ারের ইতি টানেন ও কেবল টেস্ট চালিয়ে যাবার মনস্থির করেন। মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলছে, সেখানে তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৭ এপ্রিল থেকে। এরপর ভারত সফর। আগামী বছর ঐতিহ্যবাহী এ্যাশেজে ইংল্যান্ডের মুখোমুখি হবে অসিরা। আপাতত সেদিকেই চোখ রিকি পন্টিংয়ের।
|